শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ১, সেনাবাহিনী মোতায়েন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারে শনিবার (১ আগস্ট) ভয়াবহ দাঙ্গায় ১ জন বন্দি নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির সরকার রবিবার (২ আগস্ট) শত শত সেনাসদস্য এবং পুলিশের বিশেষ এলিট ফোর্স (STF) কমান্ডো মোতায়েন করেছে।

পুলিশের উপ-মহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে বলেন, বর্তমানে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বন্দিদের নিজ নিজ সেলে ফিরিয়ে নিতে নিরাপত্তা বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে।

তিনি জানান, দাঙ্গার সময় বন্দিরা কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভাঙচুর করে।

মাহারা কারাগারে বর্তমানে প্রায় ৪ হাজার ১০০ বন্দি রয়েছে। তবে কারাগারটির ধারণক্ষমতা এর তুলনায় প্রায় চার গুণ কম। শ্রীলঙ্কার বেশিরভাগ কারাগারেই অতিরিক্ত বন্দির চাপ রয়েছে।

এর আগে ২০২০ সালের নভেম্বরে একই কারাগারে দাঙ্গায় গুলিতে ১১ বন্দি নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়। এছাড়া গত মাসে একই অঞ্চলের আরেকটি কারাগারে দাঙ্গায় ১০ জন কারারক্ষী ও ২১ জন বন্দি নিহত হন।

কারাগারে অতিরিক্ত বন্দির চাপ কমাতে গত মাসে পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করে শ্রীলঙ্কা সরকার।

দেশটির কারাগারগুলোতে থাকা বন্দিদের তিন-চতুর্থাংশের বেশি বিচারাধীন। তাদের অধিকাংশই মাদক-সংক্রান্ত মামলায় আটক রয়েছেন।