মেহেরপুরে গাড়িচাপায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর

মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং এর গাড়ির নীচে চাপা পড়ে আমির হামজা (৬) নামের এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেলে গাংনী উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত আমির হামজা গাংনী রামনগর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সবুজ আহমেদ বলেন, আমির হামজা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিস্কুট, পাউরুটি ও ডিম বিতরণের গাড়ির ওপর উঠেছিল। পরে গাড়ি ব্যাকে চালালে অসাবধানতাবশত সে ওপর থেকে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি হাসপাতালে নেয়। সেখানে অবস্থা গুরুতর দেখে কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসায় রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বামুন্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানান, বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের গাড়ি ঢুকলে আমির হামজা গাড়ির উপরে ওঠে। এ সময় গাড়িটি ব্যাকে দিলে সে ওপর থেকে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে রাজশাহী নেবার পথে তার মৃত্যু হয়।

রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান বলেন, আমির হামজা ছোট হলেও সে খুব হাসিখুশি ছিল। সে সবার সাথে মিশুক ছিল। এভাবে চোখের সামনে গাড়ির নিচে চাপা পড়ে মারা যাবে তারই স্কুলের একটা শিশু এটা ভাবতেও অনেক কষ্ট হচ্ছে। আমির হামজার মৃত্যুতে স্কুলের সবাই গভীরভাবে শোকাহত। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং গাড়ির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় গাড়িটি জব্দ করেছে পুলিশ। গাড়ির চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।