দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল' ফার্ম নিয়োগ সরকারের

দুবাইয়ে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিনের আদেশ বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রবিবার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার জেনেছে। এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। জামিন আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে। একই সঙ্গে আদেশটি বাতিলের জন্য দুবাইয়ে একটি ‘ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পান বেনজীর আহমেদ। বিষয়টি রবিবার গণমাধ্যমে প্রকাশিত হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় দুবাই পুলিশ এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করে দুবাই পুলিশ।

বেনজীর আহমেদের প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। জামিনের শর্ত অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।