ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ৮ থেকে ১০ জন যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন যাত্রী জানান, ঢাকার ধোলাইপাড় থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বাসটি ভাঙ্গার বাবলাতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহত যাত্রী দেবাশীষ, খালেকসহ কয়েকজন জানান, দুর্ঘটনার কয়েক মিনিট আগে বাসের ভেতরে থাকা যাত্রীরা চালককে সাবধানে গাড়ি চালানোর অনুরোধ করেছিলেন। তবে চালক তা আমলে নেননি। পরে বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ ঘটনায় যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে শিশু ও গুরুতর আহত কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।