রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ গেমিং উৎসব পাবজি মোবাইল নিনজা কার্নিভাল। পাবজি মোবাইল × নারুতো শিপুডেনের বিশেষ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার গেমার, কনটেন্ট ক্রিয়েটর ও দর্শনার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
৩০ ও ৩১ জুলাই অনুষ্ঠিত এই কার্নিভালে ছিল নানা ধরনের গেমিং অ্যাক্টিভিটি, ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভেশন জোন, নারুতো-অনুপ্রাণিত কসপ্লে প্রদর্শনী, ফটোবুথ, গ্রিনহাউজ জোন, ফায়ার ডান্স শো এবং লাইভ স্ট্রিমার চ্যালেঞ্জ টুর্নামেন্ট। প্রতিটি আয়োজনে ছিল দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
কার্নিভালের প্রথম দিনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই এবং ইনফ্লুয়েন্সার শামীমা অমি। তাদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় জনপ্রিয় নৃত্যদল রেনেসাসের পরিবেশনার মধ্য দিয়ে। এরপর মঞ্চ মাতায় দেশের কিংবদন্তি ব্যান্ড শিরোনামহীন। তাদের জনপ্রিয় গান ও মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ করেন এক স্মরণীয় সংগীত সন্ধ্যা।
আয়োজকরা জানান, বাংলাদেশে গেমিং কমিউনিটিকে আরও সমৃদ্ধ করা এবং আন্তর্জাতিক মানের গেমিং অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারী ও দর্শনার্থীরাও ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।