দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ ও মানসম্মত কাজকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬’।
রবিবার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার ঘোষণা দেয় ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। ওই আসরে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি-এই চার বিভাগে ১১৭টি প্রকল্প জমা পড়ে। প্রথম আয়োজনের অভিজ্ঞতার আলোকে এবার প্রতিযোগিতার পরিসর বাড়ানো হয়েছে। পাশাপাশি বিচারপ্রক্রিয়া, অংশগ্রহণের পদ্ধতি ও সামগ্রিক আয়োজনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।
আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আইডেবের ওয়েবসাইটে (www.idabaward.com) প্রকল্প জমা দেওয়া যাবে। দেশের ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পন্ন করা প্রকল্প অনলাইনে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে।
আইডেবের সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, গত তিন দশকে দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এ খাতকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। তাঁর মতে, এ অ্যাওয়ার্ড দেশের মেধাবী ডিজাইনারদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়ানোর পাশাপাশি পেশাগত মানোন্নয়ন এবং গুণগত ডিজাইনের গুরুত্ব তুলে ধরতে ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে আইডেবের অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান, সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, উপদেষ্টা শফিউল ইসলাম, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য, ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি, নির্মাণ ও ইন্টেরিয়র পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।