বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নিয়ে শংকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই আসন্ন ২০২৬-২৭ মৌসুমে অন্তত ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনটি ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। রবিবার অনুষ্ঠিত বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
র্যাংকিংয়ের ভিত্তিতে গত লিগ থেকে অবনমিত আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে আসন্ন মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর বিষয়ে সম্মতি দেওয়া হয়। সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বাফুফের এই চিঠি তিন ক্লাবে পৌঁছেছে।
তবে এই তিন ক্লাবের অংশগ্রহণ স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হচ্ছে না। বাফুফে জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং সংক্রান্ত সব শর্ত এবং কার্যনির্বাহী কমিটির নির্ধারিত অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ করতে পারলেই ২০২৬-২৭ মৌসুমে তাদের অংশগ্রহণ চূড়ান্ত হবে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলবদলে নিষিদ্ধ থাকা বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেডের আগামী মৌসুমে খেলা নিয়ে সন্দিহান বাফুফে। এ বিষয়ে বাফুফের সাধারন সম্পাদক ইমরান হাসান তুষার বলেন, ‘আগামী মৌসুমে লিগের জন্য আমরা তিনটি ক্লাবকে স্টান্ডবাই রাখছি- আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স। কারণ অন্তত ১০টি দল নিয়ে আগামী লিগের আয়োজন করতে চাই।’ তিনি যোগ করেন, ‘তবে যদি অর্থ জমা দিয়ে নিজেদের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ক্লাবগুলো, তাহলে হয়তো তারাই খেলবে। যদিও ব্যান্ড তোলার জন্য এখনো ৭ আগষ্ট পর্যন্ত সময় রয়েছে।’