পাবনায় ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, অবৈধ দখল এবং টেন্ডারে হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার (২ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর ভুক্তভোগীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাস, জাতীয় নাগরিক কমিটির পাবনা জেলার যুগ্ম আহ্বায়ক নুর হোসেন লিওন, পাবনা সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনা জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ করিম তন্ময় এবং পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ইমামুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা জুলাই ঐক্য পরিষদের সদস্য আব্দুল্লাহ আল নোমান।
বক্তারা অভিযোগ করেন, খালেদ হোসেন পরাগ বিভিন্ন ব্যবসায়ী ও ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছেন, সরকারি বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন, সরকারি প্রতিষ্ঠানের জায়গা দখল করেছেন এবং সাংবাদিকদের হুমকি দিয়েছেন। তাদের দাবি, এসব অভিযোগের তথ্য প্রশাসনের কাছেও রয়েছে।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পাওয়ার পর তাঁর কর্মকাণ্ড নিয়ে পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।