মানবাধিকারকর্মী খুরশীদ ইরফান আহমেদের মৃত্যু, আসকের শোক 

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট মানবাধিকারকর্মী এবং শিশু অধিকার আন্দোলনের পথিকৃৎ খুরশীদ ইরফান আহমেদ আর নেই।

আজ রবিবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি..... রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। খুরশীদ ইরফান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আসক। 

আসকের বিবৃতিতে বলা হয়, তার প্রয়াণে আসক একজন দূরদর্শী প্রতিষ্ঠাতা সদস্য, প্রজ্ঞাবান সহযাত্রী এবং দীর্ঘদিনের অকৃত্রিম শুভানুধ্যায়ীকে হারালো। একই সঙ্গে বাংলাদেশের মানবাধিকার আন্দোলন হারালো এমন একজন নিবেদিতপ্রাণ সংগঠককে, যিনি ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন নিষ্ঠা, সততা ও গভীর মানবিক অঙ্গীকার নিয়ে কাজ করে গেছেন।

বিবৃতিতে বলা হয়, খুরশীদ ইরফান আহমেদের প্রজ্ঞা, মানবিকতা, সততা এবং মূল্যবোধনিষ্ঠ নেতৃত্ব আসক এর পথচলায় চিরস্মরণীয় হয়ে থাকবে। মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।