নোয়াখালীর ভাসানচরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশের যৌথ তৎপরতায় স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে তিন পরিবারের মোট ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেল প্রায় ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দায়িত্বরত আনসার সদস্যরা স্পিডবোটে কয়েকজন রোহিঙ্গার সন্দেহজনক চলাচল লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন পরিবারের মোট ৯ রোহিঙ্গাকে তাদের সঙ্গে থাকা বিভিন্ন মালামালসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. আবদুর রহমান এবং পুলিশের নায়েক মো. আজমুল ও কনস্টেবল মো. আবু বকর। পরে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পুনরায় ভাসানচরে ফিরিয়ে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাসানচরের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। তাদের সমন্বিত তৎপরতার ফলে পালিয়ে যাওয়ার এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।