খুলনার কয়রা উপজেলা ৬ নং কয়রা গ্রামের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় নদীর চরের গোল বাগানের ভিতরে ৭০ কেজি হরিণের মাংস ফেলে থেকে পালিয়েছে চোরা শিকারীরা। খবর পেয়ে মাংসসহ নৌকা জব্দ করে বন বিভাগের সদস্যরা। রবিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীদের বিশেষ অভিধানে এই হরিণের মাংস জব্দ হয়। এ সময় ২ টি হরিণের মাথা, ১টি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে,রবিবার রাত ১০টার দিকে উপজেলার ৬নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন এলাকার নদীর চর হতে হরিণের মাংসসহ নৌকা উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি জানতে পেরে চোরা শিকারীরা রাত্রে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।