৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ৫% প্রণোদনা

স্বেচ্ছায় কর দিলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাকে ৫ শতাংশ হারে প্রণোদনা দেবে বলে জানিয়েছে। তবে এই প্রণোদনার পরিমাণ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত। সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে কর পরিশোধের ক্ষেত্রে এই প্রণোদনা কার্যকর হবে।

গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩ এর নতুন বিধান অনুযায়ী করদাতার জন্য বাজেটে ঘোষিত প্রণোদনা পেতে হলে যথাসময়ে স্বেচ্ছায় কর পরিশোধ করতে হবে। ৩০ সেপ্টেম্বরের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে কর প্রণোদনা প্রযোজ্য হবে না। তাই এনবিআর করদাতাগণকে ওই সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

নতুন বিধান অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণ আয়কর রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য কর (আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩ অনুযায়ী) এর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) কর প্রণোদনা বা কর ছাড় প্রাপ্ত হবেন। তবে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না। 

অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে আয়কর রিটার্নের সঙ্গে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩ (২) অনুসারে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা, এই দুইয়ের মধ্যে যা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রদান করতে হবে। এ ছাড়া, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর রিটার্নের সঙ্গে আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৩ (২) অনুসারে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, এই দুইয়ের মধ্যে যা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।