বেশ কিছুদিন ধরে চলতে থাকা সব জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার অবশেষে অবসান ঘটলো। চিলির অন্যতম সেরা ক্লাব কলো কলো-র 'নতুন নায়ক' হিসেবে আত্মপ্রকাশ করতে সান্টিয়াগোতে পা রেখেছেন কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহা ।
রবিবার স্থানীয় সময় রাত আটটার পর সান্টিয়াগোর বিমানবন্দরে পৌঁছালে এই আফ্রিকান বিশ্বকাপ তারকাকে ঘিরে উন্মাদনায় মেতে ওঠেন 'আলবোস' খ্যাত কলো কলো-র সমর্থকেরা। বিমানবন্দরে আগে থেকেই ভিড় জমানো ভক্তদের রাজকীয় ভালোবাসায় সিক্ত হন ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপার। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ড্যানিয়েল মোরন।
বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে চোখধাঁধানো পারফরম্যান্স করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন ভো জিনহা। তবে কলো কলোতে তার যোগ দেওয়া নিয়ে বিগত কয়েক দিনে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে চিলির এই ঐতিহ্যবাহী ক্লাবে তার আগমন ঘিরে তৈরি হওয়া সব নাটকের ইতি ঘটলো।
সূচি অনুযায়ী, সোমবারই ভো জিনহার আনুষ্ঠানিক শারীরিক পরীক্ষা (মেডিকেল টেস্ট) সম্পন্ন হবে। এরপর মঙ্গলবার থেকে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। একই দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কলো কলো-র নতুন খেলোয়াড় হিসেবে তাকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে।
নতুন ক্লাবে নাম লেখানো নিয়ে উচ্ছ্বসিত ভো জিনহা। কলো কলো-র প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন, "ভো জিনহার সঙ্গে কথা হয়েছে, তাকে নতুন এই অধ্যায় নিয়ে অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল মনে হয়েছে।"