দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদমন্ত্রী কিম জং-ক্বান আজ সোমবার (৩ আগস্ট) ঢাকা সফরে আসছেন। তার সফরে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা), বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
আলোচনায় তৈরি পোশাক, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, অবকাঠামো, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং নতুন শিল্পখাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয় গুরুত্ব পাবে।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বর্তমানে সেপা চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত কয়েক দফা বৈঠক হয়েছে। সর্বশেষ গত জুলাইয়ে সিউলে পঞ্চম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্রের মতে, ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি স্থানান্তর, উচ্চমূল্যের শিল্পে বিনিয়োগ এবং রপ্তানি বাজার সম্প্রসারণে এ সফর নতুন সুযোগ তৈরি করবে।
দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার। দেশটির অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে উৎপাদন ও রপ্তানিমুখী খাতে কার্যক্রম পরিচালনা করছে।