রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আওতাধীন কয়েকটি পরিত্যক্ত বাড়ি ও ফ্ল্যাট বরাদ্দের লটারি আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাজধানীর রাজউক ভবনের অডিটোরিয়ামে এ লটারি অনুষ্ঠিত হবে।
রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের নির্দেশনায় সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপসা (গুলশান), ইরাবতী (গুলশান), নাফ (মোহাম্মদপুর) ও ধলেশ্বরী (ধানমন্ডি) প্রকল্পসহ মোট ৯টি পরিত্যক্ত বাড়ি এবং হাতিরঝিল অ্যাপার্টমেন্ট প্রকল্পের (বিল্ডিং-১) ফ্ল্যাট বরাদ্দের লটারি অনুষ্ঠিত হবে।
রাজউক জানিয়েছে, লটারির পুরো কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে। এ জন্য সব আবেদনকারী বা তাঁদের যথাযথ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিকে নির্ধারিত সময়ের আগে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
লটারি-সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজউকের www.rajuk.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনে ddest1@rajukdhaka.gov.bd এ ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।