আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে একটি অফিসিয়াল প্রীতি ম্যাচ খেলবে ১৪০ র্যাঙ্কিংয়ে থাকা ভারত। কিন্তু দেশের ফুটবলের চরম দুর্দশার সময়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন হাই-প্রোফাইল ম্যাচ আয়োজন করা নিয়ে ভারতে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ভারতীয় ফুটবলের দৈন্যদশার কথা স্মরণ করিয়ে দিয়ে কঠোর সমালোচনা করেছেন দেশটির ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া।
ভারতীয় ফুটবলের বর্তমান ভঙ্গুর পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বাইচুং ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমি বলছি না যে ব্রাজিলের আসা উচিত নয়। কিন্তু ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচ থেকে আমরা আসলে কী অর্জন করতে চাইছি? জামশেদপুর এফসি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে (আইএসএল থেকে সরে দাঁড়িয়েছে), এশিয়ান গেমসে আমাদের টিম পাঠানো হচ্ছে না, আর ফিফা র্যাঙ্কিং ধসে ১৪০-এ গিয়ে ঠেকেছে। আমার মনে হয় এই মুহূর্তে প্রধান মনোযোগ হওয়া উচিত ফুটবলের অবকাঠামোগত পুনর্গঠনে। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে— 'সংসারে নুন আনতে পান্তা ফুরাচ্ছে, খেয়ে-পরে বাঁচার উপায় নেই, আর ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করা হচ্ছে!'
বাইচুং ছাড়াও এই আয়োজনের টাইমিং ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বর্তমান জাতীয় দলের ফুটবলাররাও। সেপ্টেম্বরের শেষভাগ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ খেলার কথা রয়েছে ভারতের। সেক্ষেত্রে ব্রাজিলের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামানো যাবে কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
হতাশা প্রকাশ করেছেন ভারতের সবচেয়ে বড় তারকা ফুটবলার সুনীল ছেত্রী এবং ডিফেন্ডার নিখিল পূজারি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে নিখিল লিখেছেন, "একদিকে দেশে ব্রাজিল আসায় আমরা উল্লাস করছি, আর অন্যদিকে সকালে উঠে দেখছি আরেকটা ক্লাব তাদের মূল দল তুলে নিচ্ছে! আমরা আসলে কোথায় যাচ্ছি?” আর জামশেদপুর এফসির কার্যক্রম গুটানোর খবরে গভীর আঘাত পেয়েছেন জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী।
উল্লেখ্য, সর্ব ভারত ফুটবল ফেডারেশন ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং একটি বেসরকারী পরামর্শদাতা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারকের অধীনে ম্যাচটি হতে যাচ্ছে, যেখানে ওই বেসরকারী প্রতিষ্ঠান প্রায় ৬০ কোটি রুপি খরচ করবে।