তিস্তা মহাপরিকল্পনা-করিডর নিয়ে আশাবাদী চীন: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) এবং অন্যান্য যৌথ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে চীন আশাবাদী। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও চীনের কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত ‘তুলনামূলক শাসনব্যবস্থা বিষয়ক ফোরাম-২০২৬’-এর যৌথ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। ওই সফরে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে।

তিনি বলেন, আগামী ৫০ বছরকে বাংলাদেশ-চীন সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ হিসেবে গড়ে তুলতে দুই দেশ কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দর আধুনিকায়ন প্রকল্প এবং সিএমবিসিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চীন বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু। দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।