সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি তৎপরতা চালাচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে কর্মসূচি পালন করবে এজন্য বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য সরকার নিয়োজিত একটি আইন প্রতিষ্ঠান কাজ করছে। এ জন্য প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাঁকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও আইনি-দুই প্রক্রিয়াতেই কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাশকতা করার কোনো মুরোদ নেই । বিদেশে বসে তারা কিছু হুমকি-ধামকি দেয় মাত্র।
মন্ত্রী বলেন, উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময় নাশকতা কিংবা অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে খুবই সতর্ক রয়েছে।
এসময় তিনি কথা বলেন এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়েও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তদন্ত চলছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।