রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আমন্ত্রণপত্র ও আনুষ্ঠানিক চিঠিপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুসরণ করে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে।
নির্দেশনাটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদের সই করা চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, সরকারি অনুষ্ঠান ও প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকার যথাযথ অনুসরণ নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। এর ফলে জেলা পর্যায়ের সরকারি আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা পাবেন বলে আশা করছে বিভাগ।