লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা নিক্ষেপ

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন ও বিন্ত জুবাইল এলাকার জলপাই ও পাইন গাছের বাগান লক্ষ্য করে ফসফরাস বোমা নিক্ষেপ করা হয়। এতে বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

সংবাদ সংস্থাটি আরও জানায়, নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরাইলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরাইলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপেরও অভিযোগ করা হয়েছে।

এদিকে, দক্ষিণ লেবাননে ৪০১তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, ৯১তম ডিভিশনের অধীন এই ব্রিগেডটি আট মাস আগে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছিল।

বিবৃতিতে বলা হয়, এ সময় ব্রিগেডটি সীমান্তজুড়ে প্রতিরক্ষামূলক দায়িত্ব পালনের পাশাপাশি দক্ষিণ লেবাননের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ একাধিক সামরিক অভিযান পরিচালনা করেছে।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে হিজবুল্লাহর ১ হাজার ২০০টির বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গও রয়েছে। এছাড়া ৬০০টির বেশি অস্ত্র জব্দ এবং ৬০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

তবে লেবাননে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ কিংবা সামরিক অভিযানে হতাহতের বিষয়ে ইসরাইলের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।