জামালপুর সীমান্তে ইয়াবা-ভারতীয় মদ জব্দ, আটক ১

জামালপুর মাদকবিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে এক হাজার ৯৭৫ পিস ইয়াবা ও ভারতীয় ৫৮ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো.নাসির নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মো. নাসির (৪৫) কুড়িগ্রামের খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

বিজিবি জানায়, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট ) সকালে সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধে মো. নাসিরকে আটক করা হয়।

এদিকে রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে বালিয়ামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।

সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি বলে জানান তিনি।