এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী

দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দল গঠন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতাকে সারা দেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিতে পারবে এবং ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এডিপির শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ থেকে প্রতিযোগিতার ব্যয় নির্বাহের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয়ের অনুমোদন থাকবে। জেলা পরিষদ ও পৌরসভাগুলোকেও জেলা পর্যায়ের আয়োজনের জন্য আর্থিক সহায়তা দিতে বলা হবে।

প্রতিমন্ত্রী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডকে নিজস্ব তহবিল থেকে মাঠপর্যায়ের আয়োজনে অর্থ বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাঠ থেকেই প্রতিভাবান ফুটবলার তৈরি হবে। তাই প্রতিটি কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় ও কলেজে ফুটবল দল গঠন নিশ্চিত করতে হবে।

মীর শাহে আলম বলেন, কোনো প্রতিষ্ঠান যদি ১১ বা ১৫ জন খেলোয়াড় নিয়ে একটি দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না, তা তদন্ত করা উচিত। দল গঠন না করতে পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দিলে মাঠগুলো দ্রুত খেলার উপযোগী করা সম্ভব হবে।

সমাপনী অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের আশা, এই আয়োজনের মাধ্যমে সারা দেশে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা তৈরি হবে।