দ্বিতীয়বার মা হওয়ার আগেই ফের লাপাত্তা হয়ে যান চিত্রনায়িকা বুবলী। সোশ্যাল মিডিয়ায় কন্যার মা হওয়ার খবর শেয়ার করলেও নিজের অবস্থান গোপন রেখেছিলেন তিনি। পোস্টে তার সন্তানের বাবা হিসেবে চিত্রনায়ক শাকিব খানের নাম উল্লেখ করলেও কোনো দেশ বা হাসপাতালের নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী। তারপর থেকে বুবলীর কোনো হদিস মিলছিল না।
যদিও গুজব রটেছিল, শাকিবের পরামর্শে ও ব্যবস্থাপনায় আমেরিকায় চলে গেছেন বুবলী। গত বছর মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শবনম বুবলী। সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে নায়িকা বলেন, ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে সত্যি আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।’
বুবলী আরও বলেন, ‘দেয়ালের দেশ’ সিনেমার পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক দলসহ পর্দার পেছনের সব কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অদম্য পরিশ্রম, উৎসর্গ ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের আনন্দের কথা ভাগ করে নেন বুবলী। আর তাতেই বুঝতে বাকি থাকে না, বুবলী এখন কোথায় আছেন!
একই অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানকেও পুরস্কৃত করা হয় ‘প্রিয়তমা’ সিনেমায় অসামান্য অভিনয়ের জন্য। বর্তমানে শাকিব খানও অবস্থান করছেন আমেরিকায়। ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার কথা বলে শিল্পী সমিতির নির্বাচনের ঠিক আগের রাতে ঢাকা ছাড়েন শাকিব খান। একমাস আগে (৩ জুলাই) এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। অনেক শিল্পীদের প্রত্যাশা ছিল নির্বাচনে ভোট দিতে যাবেন শাকিব খান। কিন্ত তাদের প্রত্যাশাকে ছাই করে আগের দিনেই চুপিসারে আমেরিকার উদ্দেশে উড়াল দেন এই সপুারস্টার।
কিন্ত বিশ্বকাপের ফাইনালে দেখা মেলেনি শাকিবের। অনেকের ধারণা মূলত শিল্পী সমিতির নির্বাচনকে বয়কট এবং চিত্রনায়িকা বুবলী ও তাদের একমাত্র কন্যার সঙ্গে কয়েকদিন থাকার জন্যই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিব খান।
অন্যদিকে আজ থেকে ঠিক এক বছর আগের এই দিনে (৩ আগস্ট) মান-অভিমান শেষে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর অবকাশ যাপনের যাপনের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বেশ শোরগোল তৈরি হয় নেটিজেন ও চলচ্চিত্রমহলে।