সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ। উপজেলার বানিয়াজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মো. জুলহাস। তিনি পেশায় একজন মিল শ্রমিক। সোমবার (৩ আগস্ট) দুপুরে বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াজুরী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের ঘরের ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করতেন জুলহাস। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুলহাসকে আটক করে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি স্থানীয় চেয়ারম্যানের বাসায় ভাড়া ছিলেন। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।