ট্রাম্পের নতুন আলোচনার ঘোষণা নাকচ করল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরুর ঘোষণা দিলেও তেহরান তা সরাসরি নাকচ করে দিয়েছে। ইরান বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না; বরং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে তারা।

সোমবার (৩ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, 'আমরা বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না। আমাদের আলোচনা হচ্ছে ওমানের সঙ্গে, যাতে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা যায়।'  

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সোমবার থেকেই ইরানের সঙ্গে নতুন দফা আলোচনা শুরু হবে। তিনি বলেন, হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বিষয়ই আলোচনায় থাকবে।

ট্রাম্প আরও জানান, কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক হামলা স্থগিত রেখেছেন। তার দাবি, একটি সমঝোতার ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকে ইরানের সঙ্গে সংঘাত চলছে। যদিও এ সময়ে মাঝেমধ্যে কূটনৈতিক তৎপরতা দেখা গেছে, তবুও যুদ্ধ পুরোপুরি থামেনি।

গত সপ্তাহে ট্রাম্প ইরানকে 'খুব কঠোরভাবে' আঘাত করার হুমকি দিয়েছিলেন। এমনকি জ্বালানি অবকাঠামোতে হামলার বিষয়টিও বিবেচনায় ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে পরে তিনি সেই অবস্থান থেকে সরে এসে বলেন, সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। 
 
যুদ্ধ বন্ধে আলোচনার সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে হরমুজ প্রণালি। ইরান এ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও রয়েছে।

যুদ্ধ শুরুর আগে প্রণালিটি দিয়ে অবাধ নৌ-চলাচল থাকলেও এখন ইরান এ পথের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং জাহাজ চলাচলের জন্য ফি আদায়ের অবস্থানে রয়েছে, যা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।

তেহরানও জানিয়েছে, ইরানের উপকূলঘেঁষা নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো রুট দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।