লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের এক হাজারের বেশি প্রকৌশলীকে বদলী করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি- পদায়ন হয়। এর আগে গত ৩০ জুলাই একই প্রক্রিয়ায় ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি করা হয়। পর্যায়ক্রমে অধিদপ্তরের অন্যন্য শখায়ও একই প্রক্রিয়ায় বদলী ও পদায়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।
কর্মকর্তারা জানান, সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আটটি বিভাগের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলী-পদায়ন করা হয়। লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
এ কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক বলেন, এ লটারিভিত্তিক বদলি প্রক্রিয়ার মাধ্যমে বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন গণপূর্ত অধিদপ্তরের সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, লটারিভিত্তিক বদলি প্রক্রিয়াকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, গণপূর্ত অধিদপ্তর শাখা স্বাগত জানাই। এর ফলে অধিদপ্তরের বদলি ও পদায়নে শৃঙ্খলা ফিরে আসবে।