কুমিল্লার বরুড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকারের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্থান থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মাদক কারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ১৭টি বস্তায় মোট কত বোতল ফেনসিডিল রয়েছে, তা এখনো গণনা করা হয়নি। গণনা শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতল গণনার কাজ চলছে। গণনা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, বরুড়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।