নিউইয়র্ক পোস্ট: ইনফান্তিনোর ফোন ধরছেন না প্রেসিডেন্ট ট্রাম্প

বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে গোপনে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর পদত্যাগের তীব্র চাপের মুখে পড়েছেন জিয়ানি ইনফান্তিনো। উদ্ভূত পরিস্থিতিতে নিজের চাকরি ও পদ ধরে রাখতে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে ধরণা দিচ্ছেন ফিফা সভাপতি।

আমেরিকান সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট -এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়ে সম্পূর্ণ ‘একাকী ও বিচ্ছিন্ন’ হয়ে পড়া ৫৬ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ( সঙ্গে জরুরি ও গোপন ফোনালাপ করেছেন।

প্রতিবেদনে দুই বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সোমবার সকাল ৯টার পরপরই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে বসেন ইনফান্তিনো। আনুষ্ঠানিকভাবে এই ফোনালাপের উদ্দেশ্য ছিল "ফুটবল কীভাবে যুক্তরাষ্ট্রের সফট পাওয়ার বাড়াতে পারে" তা নিয়ে আলোচনা করা। তবে সূত্রের দাবি, ইনফান্তিনোর আসল উদ্দেশ্য ছিল যেকোনো মূল্যে মার্কিন প্রশাসনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন আদায় করে নিজের পদ রক্ষা করা।

প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, গত শুক্রবার এই বিতর্কিত চুক্তি বাতিল হওয়ার পর থেকে ইনফান্তিনো বারবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ট্রাম্প তাকে এড়িয়ে চলছেন।

"তিনি (ইনফান্তিনো) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে ফুটবল নিয়ে আলোচনার অজুহাত দিলেও আমরা সবাই জানি এটি কেবলই তার পদ রক্ষার শেষ চেষ্টা। এর বাইরে এই মুহূর্তে তার আর কোনো উদ্দেশ্য নেই," — ফোনালাপ সম্পর্কিত এক ভেতরের সূত্র বলেছে।