যাত্রাবাড়িতে ১৭ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাস সময় 

চব্বিশের গণঅভ্যূত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল আগামী ৪ অক্টোবর এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিন এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল।

তারা হলেন, ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

এর আগে গত ২২ জুলাই অন্য মামলায় কারাগারে থাকা এ চার আসামিকে  হাজির করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি দেশ রূপান্তরকে বলেন, চার আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত আগামী ৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আটজন এবং ২০ জুলাই আরও নয়জন গুলিতে নিহত হন।