এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। সোমবার বিকেএসপিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে এশিয়া কাপের ক্যাম্পে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জিমিরা।
কতরফা এই জয়ে সন্তুষ্ট হলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ জাতীয় দলের প্রধান কোচ পিটার গেরহার্ড। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অনুশীলনে খেলোয়াড়দের যা শেখানো হয়েছে, তারা ম্যাচে সেটি দারুণভাবে বাস্তবায়ন করেছে। এটা অবশ্যই ইতিবাচক দিক। তবে এই জয়েই সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই।’ নিজের কোচিং দর্শনের কথা তুলে ধরে গেরহার্ড বলেন, ‘আমি খুব সহজে সন্তুষ্ট হই না। আমাদের এখনও অনেক কাজ বাকি। প্রতিটি ম্যাচই আমাদের জন্য শেখার সুযোগ।’
এর আগে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করা এই জার্মান কোচ বর্তমান স্কোয়াডের প্রতিভারও প্রশংসা করেন। তার ভাষায়, ‘আমি সবসময়ই বলে এসেছি, এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সবচেয়ে ভালো দিক হলো, অনুশীলনে যা শেখানো হয়, তারা খুব দ্রুত সেটি আত্মস্থ করতে পারে এবং ম্যাচে প্রয়োগ করতে পারে। তবে এখনও কিছু দুর্বলতা রয়েছে, যেগুলো নিয়ে আমাদের আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।’
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তাই প্রস্তুতি ম্যাচের বড় জয়কে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছেন গেরহার্ড। তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আজকের প্রতিপক্ষ আর দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক পার্থক্য। কোরিয়া অনেক উচ্চমানের দল। তাদের বিপক্ষে ভালো করতে হলে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে এই মুহূর্তে দলের অগ্রগতি নিয়ে আমি সন্তুষ্ট।’
এশিয়ান গেমসের আগে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে জাতীয় দলের। এসব ম্যাচের মাধ্যমে কৌশলগত প্রস্তুতি ঝালিয়ে নিয়ে মহাদেশীয় আসরে ভালো ফল করার লক্ষ্যই জিমি ও তার সতীর্থদের।