দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস তুলে ধরবে চবি

ইতিহাস পাঠ, গান, নাটক, কবিতা ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস তুলে ধরবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। এ উপলক্ষে আগামী ৪ ও ৫ আগস্ট দুদিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

সোমবার (৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস তুলে ধরতে, শহীদদের স্মরণ ও আন্দোলনের চেতনাকে ধারণের লক্ষ্যে এমন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং চবির দুই মেধাবী শিক্ষার্থী শহীদ মো. ফরহাদ হোসেন ও শহীদ হৃদয় চন্দ্র তরুয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। এ সময় তিনি জানান, ৪ আগস্ট সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর গ্যালারিতে চিত্রশিল্প ও গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই দিন সকাল সাড়ে ১১টায় চাকসু কেন্দ্রে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা উদ্বোধন করবেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। 

​আয়োজনের দ্বিতীয় দিন ৫ আগস্ট সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মরণ চত্বর থেকে সমাজবিজ্ঞান অনুষদ পর্যন্ত এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হবে। এরপর বেলা সাড়ে ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান: ভাবাদর্শের রূপান্তর ও বাস্তবতার অভিঘাত’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

​একই দিন দুপুর আড়াইটায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তৈরি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন, ‘তিনি আসছেন’ শীর্ষক মঞ্চ নাটক, নাচ এবং ব্যান্ড দল ‘সরলা’-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ আগস্ট রাতে ক্যাম্পাসের সব আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীর জন্য উন্নতভোজের আয়োজন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস আমাদের শিক্ষার্থী ও পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে ইতিহাস পাঠ, গান, নাটক, কবিতা ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই।

এ সময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের প্রকৃত চেতনাবোধ তৈরিতে আমাদের কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাধ্যমে এই আকাঙ্খা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। 

সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, জুলাই বিপ্লব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি হলে উন্নত ভোজের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীরা ৫০ টাকা টোকেন দিয়ে এতে অংশ নিতে পারবেন। একটি সুশৃঙ্খল ব্যবস্থায় দিবসটি আয়োজন করবো বলে আমরা আশাবাদী। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক অধ্যাপক ড. সালেহ জহুর, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক জাহিদুর রহমান চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজাউল আজিম, নিরাপত্তা দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আমান উল্লাহ, মেরিন সায়ন্স অনুষদের ডিন অধ্যাপক ড. শাহাদাত হোসেন, ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ জি এম নিয়াজ উদ্দিন, সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন প্রমুখ।