পাবনার ঈশ্বরদীতে ‘পাবনা দই ঘর’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে ওই প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ সোমবার (৩ আগস্ট) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দই, ঘি ও অন্যান্য মিষ্টান্ন দ্রব্য প্রস্তুতকারী ‘পাবনা দই ঘর’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ, প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার, নিবন্ধন ব্যতীত ঘি উৎপাদন ও বিক্রি, লেবেলবিহীন পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণসহ বিভিন্ন অনিয়ম দেখা যায়।
উল্লিখিত অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই সঙ্গে সকল অনিয়ম যথাযথভাবে সংশোধনের জন্য ১ মাস সময় দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ঈশ্বরদী, পাবনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার। অভিযানে সমন্বয় করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাবনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ।
অভিযানে সহযোগিতা করেন ঈশ্বরদী উপজেলা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এবং আবু কায়সার। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষা ও অভিযানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে।