কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবটিক্সে নতুন অধ্যায়ের সূচনা করেছে গুগল ডিপমাইন্ড। প্রতিষ্ঠানটি ‘জেমিনি রোবোটিক্স ২’ নামে এমন একটি নতুন এআই সিস্টেম উন্মোচন করেছে, যা হিউম্যানয়েড রোবটকে ইন্টারনেট সংযোগ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করার সক্ষমতা দেবে।
নতুন প্রযুক্তির অন্যতম আকর্ষণ ‘ইন্টেলিজেন্ট হোল-বডি কন্ট্রোল’ ব্যবস্থা। এর মাধ্যমে রোবট শুধু নির্দেশ পালনই করবে না, বরং আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে। পরীক্ষামূলক প্রদর্শনীতে রোবটকে গাছে পানি দেওয়া, লাইটের বাল্ব লাগানো এবং ময়লার ব্যাগ বাঁধার মতো দৈনন্দিন কাজ দক্ষতার সঙ্গে করতে দেখা গেছে। গুগল ডিপমাইন্ড জানিয়েছে, এ সিস্টেমে ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেল (ঠখগ) এবং ভিশন-ল্যাঙ্গুয়েজ-অ্যাকশন (ঠখঅ) প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। ফলে রোবট মানুষের ভাষা বুঝে যোগাযোগের পাশাপাশি পরিবেশ পর্যবেক্ষণ করে চলাফেরা ও প্রয়োজনীয় কাজও করতে পারবে।
ডিপমাইন্ডের রোবটিক্স প্রধান ক্যারোলিনা পারাদা বলেন, প্রচলিত অধিকাংশ রোবট নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা থাকে এবং পরিবেশ বদলালে সহজে মানিয়ে নিতে পারে না। নতুন প্রযুক্তি সেই সীমাবদ্ধতা কাটিয়ে বাস্তব পরিস্থিতিতে আরও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করবে। গুগল ডিপমাইন্ডের মতে, এটি মানুষের সমপর্যায়ের সক্ষমতাসম্পন্ন রোবট তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ইন্টারনেট ছাড়াই পরিচালিত হওয়ায় ভবিষ্যতে দূরবর্তী এলাকা কিংবা মহাকাশ অভিযানের মতো পরিবেশেও এসব রোবট কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।