তিন দলের ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স। আলোকস্বল্পতায় খেলা শেষ হলে ডিআরএস আইনে ইউনিভার্সিটি স্পোর্টস দক্ষিণ আফ্রিকাকে ২৬ রানে হারায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে একাই ৫ উইকেট নেন ইকবাল হোসেন ইমন।
তার বোলিং তোপে ৪৭ ওভার ব্যাট করে ২৪৮ রানে গুটিয়ে যায় ইউনিভার্সিটি স্পোর্টস দল। জবাব দিতে নেমে ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলেন জাকির হাসানরা। এরপর আলোকস্বল্পতায় খেলা আর না হলে রান গড়ে এগিয়ে থাকায় জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
যদিও ম্যাচের শুরুতে লুডউইচ ও জেসনের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় ইউনিভার্সিটি স্পোর্টস। দুজনই ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির দিকে ছুটতে থাকেন। তবে রহনত দৌলা ও ইমনের বলে ফিরতে হয় তাদের। লুডউইচ ৭২ ও জেসন ৭৯ রানে আউট হন। এরপর মিডল অর্ডারে ডেরান (১২) ও ডেভিড (১৯) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ দিকে ওয়েজো ২৫ রানের কার্যকর একটি ইনিংস খেললেও ইমনের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
বাংলাদেশ এইচপি দলের ইমন ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন। তার দারুণ বোলিংয়ের পর ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। তবে সুবিধা করতে পারেননি আরেক ওপেনার জাকির হাসান। ১২ রান করে আউট হন তিনি। রবিন খেলেন ৩৪ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৬টি চারের মার।
ভালো শুরু করে ইনিংস টেনে নিতে পারেননি তিনে নামা শাহাদাত হোসেন দীপুও (১৮)। তিন উইকেট হারানোর পর দলকে এগিয়ে নেন ইফতেখার হোসেন ইফতি। ফিফটি পূর্ণ করে এই মিডল অর্ডার ব্যাটার অপরাজিত থাকেন ৭১ রানে। তাঁকে সঙ্গ দিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন ৩৭ রানে ব্যাট করছিলেন।