আগস্টজুড়ে চরকিতে চার কনটেন্ট

আগস্টজুড়ে দর্শকদের বৈচিত্র্যময় বিনোদন দিতে ওটিটি প্ল্যাটফর্ম চরকি টানা চার সপ্তাহে চারটি নতুন কনটেন্ট মুক্তি দিতে যাচ্ছে। পাক্ষিক ও সাপ্তাহিক বৈচিত্র্যে ভরা এসব কাজের মধ্যে থাকবে রাজনৈতিক দর্শন, পারিবারিক ড্রামা, কমেডি ও অতিবাস্তব গল্পের ভিন্ন স্বাদ। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে চরকি কর্তৃপক্ষ।

আগস্টের ৬ তারিখে মুক্তির তালিকায় শুরুতেই রয়েছে আহমেদ হাসান সানি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরী’। জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার এক্সক্লুসিভলি প্ল্যাটফর্মটিতে এটি দেখা যাবে। ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম ও কেয়া আল জান্নাহ অভিনীত ছবিটিতে উঠে এসেছে গভীর রাজনৈতিক চেতনা ও দর্শন।

পরের সপ্তাহ অর্থাৎ ১৩ আগস্ট আসছে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। মোঃ রিয়াজুল হক ইমরানের পরিচালনায় তৈরি এই ফ্যামিলি ড্রামায় দীর্ঘ দিন পর এক ফ্রেমে পর্দায় হাজির হচ্ছেন দেশের দুই প্রখ্যাত অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি। মিথ্যার জাল, অজস্র চিঠি আর দম্পতির চিরায়ত প্রেমের গল্পে তৈরি হয়েছে ছবিটি।

২০ আগস্ট মুক্তি পাবে ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এই হালকা মেজাজের কমেডি গল্পে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি ও আরফান মৃধা শিবলু। একজন উবার চালকের চোখ দিয়ে অপরাধ ও সুযোগের মানসিক দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে এতে।

মাসজুড়ে শেষ চমক হিসেবে ২৭ আগস্ট আসছে ড্রামা ঘরানার ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ফুয়াদুজ্জামান ফুয়াদের নির্মাণে অতিবাস্তব প্রেক্ষাপটের এই বিনোদনে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদ। যেখানে ভালোবাসা আর ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে মানুষের অদম্য টিকে থাকার সংগ্রাম চিত্রিত হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, দর্শকদের সব ধরনের স্বাদ মেটাতে চার জনরার এসব কনটেন্ট সাজানো হয়েছে। প্ল্যাটফর্মটির অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে আয়োজনগুলো।