গণপূর্ত অধিদপ্তর লটারিতে ১ হাজার প্রকৌশলী বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ১ হাজারের বেশি প্রকৌশলীকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার অধিদপ্তরের ২৫৪ জন উপসহকারী  প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি-পদায়ন হয়। এর আগে গত ৩০ জুলাই একই প্রক্রিয়ায় ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি করা হয়। পর্যায়ক্রমে অধিদপ্তরের অন্যান্য শাখায়ও একই প্রক্রিয়ায় বদলি ও পদায়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।

কর্মকর্তারা জানান, গতকাল রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আটটি বিভাগের ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি-পদায়ন করা হয়। লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ২৭, খুলনা বিভাগে ২৭, বরিশাল বিভাগে ১৩, সিলেট বিভাগে আট, ময়মনসিংহ বিভাগে ১১ এবং রংপুর বিভাগে ২২ জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। এ কার্যক্রমের সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান।