ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৬ হাজারে ছাড়াল নিহতের সংখ্যা  

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। খবর: আল জাজিরা

আল জাজিরা জানায়, গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। সোমবার (৩ আগস্ট) জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ হালনাগাদ তথ্য জানান। তিনি বলেন, ভূমিকম্পে আহত হয়ে আরও ৬১ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভূমিকম্পের পর নিখোঁজ স্বজন ও বন্ধুদের খুঁজতে থাকা ভেনেজুয়েলানরা অভিযোগ করেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ও সামরিক বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

গত ২৪ জুন ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ এবং রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের ১৬ দশমিক ৫ শতাংশ ইতোমধ্যে সরানো হয়েছে। তবে দেশটির পুনরুদ্ধার কার্যক্রম কীভাবে আগোবে, তা নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ভেনেজুয়েলার অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। ভূমিকম্পের পর বিশ্বের বিভিন্ন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেই অর্থ কোথা থেকে আসবে, তা এখনও স্পষ্ট নয়।