গাজার হাসপাতাল রক্ষায় ডব্লিউএইচওর জরুরি আহ্বান

গাজায় ইসরায়েলি হামলায় স্বাস্থ্যসেবা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার দেওয়া এক বিবৃতিতে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, 'স্বাস্থ্যসেবার সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা বা সামরিক উদ্দেশে ব্যবহার করা উচিত নয়।'

ডব্লিউএইচও জানায়, গত সপ্তাহান্তে আল-আকসা মার্টার্স হাসপাতালের সংলগ্ন একটি সংরক্ষণাগারে ইসরায়েলি হামলা চালানো হয়। এতে হাসপাতালের প্রধান ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং সম্প্রতি ডব্লিউএইচও সরবরাহ করা চিকিৎসা সামগ্রীসহ বিপুল পরিমাণ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে যায়।

টেড্রোস বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় নিরাপত্তা পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। একই সঙ্গে অপুষ্টি, বিভিন্ন রোগের বিস্তার এবং চিকিৎসাসেবার সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায়, আল-আকসা মার্টার্স হাসপাতালের ওষুধের গুদাম ধ্বংস হওয়ায় উপত্যকার স্বাস্থ্যব্যবস্থা কার্যত ভেঙে পড়ার মুখে রয়েছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্বাস্থ্যসেবা খাতে প্রায় এক হাজার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১,৭০০ জন আহত হয়েছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে। তাদের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ১,২৫০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৪,১১০ জন আহত হয়েছেন।