৫ আগস্ট বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৈঠকে ৫ আগস্ট বায়তুল মোকাররমে গণসমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার নেতাসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাসের সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ আগস্ট সারা দেশের মহানগর, জেলা ও উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে। একই দিন সকাল সাড়ে ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ছাড়া ৬ আগস্ট নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুৎ বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সব মহানগর ও জেলা শহরে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের জনগণের উদ্দেশে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হবে।