কানাডাজুড়ে দাবানল পরিস্থিতি আরও উদ্বেগজনক

কানাডাজুড়ে দাবানল পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৯০০টি দাবানল সক্রিয় রয়েছে। চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৭ লাখ হেক্টরের বেশি বনভূমি আগুনে পুড়ে গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে অন্টারিওসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। সেখানে কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

কানাডা সরকার জানিয়েছে, দাবানল মোকাবিলায় ফেডারেল সরকার প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ঝুঁকি বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে বড় আকারের দাবানলের পর দেশটিতে জাতীয় পর্যায়ের দাবানল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গঠনের দাবিও জোরালো হয়েছে।

এদিকে দাবানলের ধোঁয়ায় আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া ও টরন্টোসহ কানাডার বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ বেড়েছে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় ফেডারেল সরকার প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।