ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেললাইন সচল করতে কাজ চলছে।
এছাড়া, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।