লম্বা বিরতি ভেঙে প্রাণের চলচ্চিত্রে ফিরে আবারও অভিনয়ের আভাস দিয়েছেন দেশবরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তবে সেই প্রত্যাবর্তনের জন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। আর সেই শর্তের কেন্দ্রেই রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের শীর্ষ অভিনেতা শাকিব খান।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন শাকিব খান। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ববিতার কাছে একটি আবদারও করেন তিনি। আলাপচারিতার একপর্যায়ে শাকিব খান বলেন, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আপনার সঙ্গে আমি আবারও কাজ করতে চাই।
শাকিবের অনুরোধের জবাবে ববিতা জানান, শুধু অভিনয়ের জন্য নয়, বরং মানসম্মত গল্প ও শক্তিশালী চরিত্রের অপেক্ষায় আছেন তিনি। এরপরই শাকিবকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন চ্যালেঞ্জিং কিছু করার সুযোগ থাকে। তাহলে আমি করব। কথা দিলাম, তোমার সঙ্গে ছবি করব। অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক চলচ্চিত্র নিয়েও প্রশংসা করেন ববিতা।