দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন গণভবনে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, উদ্বোধনের প্রথম দিন শুধু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য জাদুঘরটি সংরক্ষিত থাকবে।
জাহেদ উর রহমান আরও বলেন, জাদুঘরটি ঘিরে মানুষের আগ্রহ বেশি। তাই দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক মানুষের জন্য সময়ভিত্তিক প্রবেশস্লট রাখা হবে। অনলাইনে আবেদন করে যে সময়ের স্লট পাওয়া যাবে, দর্শনার্থীদের সে সময়েই জাদুঘরে প্রবেশ করতে হবে।
দর্শনার্থীদের জন্য জাদুঘর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।
এই জাদুঘরে জুলাই অভ্যুত্থানের ইতিহাসের পাশাপাশি বিগত ১৭ বছরের আওয়ামী শাসনামলের নানান দমন-পীড়নের দলিল ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যও স্থান পাচ্ছে। শিক্ষার্থী, গবেষক ও দর্শনার্থীদের জন্য এখানে রাখা হয়েছে গাইডেড ট্যুর ব্যবস্থা।