প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত শুরু এবং মেডিকেল সেন্টারের উন্নয়নের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জকসু, শিবির, ইনকিলাব মঞ্চ ও ছাত্রশক্তিসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে জকসুর ভিপি-জিএস, সাংবাদিকসহ কয়েকজন আহত হন।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়ীদের শনাক্ত করতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আজম খানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর এবং মো. শহীদুল্লাহ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন আগে থেকেই বিভিন্ন ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় সভা করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তবে অনুষ্ঠান চলাকালে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের সুনাম, শিক্ষার পরিবেশ ও চলমান উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
একই সঙ্গে মতপ্রকাশ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সংযম, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।