কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের দ্বাদশ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের আর্জেন্টিনা সফর এবং সাহিত্যপ্রেমী ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তাঁর হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কাহিনি অবলম্বনে নির্মিত। ১৯২৪ সালে অসুস্থ অবস্থায় আর্জেন্টিনায় অবস্থানকালে ওকাম্পোর আতিথেয়তায় সুস্থ হয়ে ওঠেন রবীন্দ্রনাথ।
দেশে ফিরে তিনি কাব্যগ্রন্থ ‘পূরবী’ ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন। উৎসর্গপত্রে লেখা ছিল—‘বিজয়ার করকমলে’। সেই স্মৃতি ও মানবিক সম্পর্কের আবেগকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।