কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।
এর আগে গত রবিবার (২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন।
সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, হাইকোর্টের জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর সমস্ত আইনি আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, তনু হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর আসামি হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এবং পরীক্ষার পর প্রস্তুতকৃত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।