ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে সাপের কামড়ে সরস্বতী মণ্ডল (৪২) নামে দুই সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সরস্বতী মণ্ডল পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে বাড়ির পাশের টয়লেট থেকে ফেরার সময় অসাবধানতাবশত একটি ইঁদুরের গর্তে পা রাখেন সরস্বতী মন্ডল। সেখানে ইঁদুরের গর্তের মধ্যে থাকা একটি সাপ তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরের পর তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, বিষধর গোখরা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
তবে এ বিষয়ে চিকিৎসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পিসনাইল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।