এফবিসিসিআই প্রশাসককে সহায়তায় ১৬ সদস্যের কমিটি

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসককে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে ১৬ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করে মঙ্গলবার জারি করা নোটিশে বলা হয় ট্রেড অর্গানাইজেশনস আইন, ২০২২ অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়, প্রশাসককে তাঁর দায়িত্ব পালনে সহায়তা এবং সংগঠনের কার্যক্রম তদারকির জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। এর মধ্য দিয়ে এক মাসের বেশি সময় ধরে চলা নেতৃত্বসংক্রান্ত অনিশ্চয়তার অবসান ঘটে।

প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আইসিসি বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য ফজলুল হক গত রোববার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সহায়ক কমিটিতে চেম্বার গ্রুপ থেকে সাতজন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নয়জন প্রতিনিধি রাখা হয়েছে।

‘চেম্বার গ্রুপ’-এর সদস্যরা হলেন—ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ; চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক; রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী; বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এবায়দুল হক চাঁদ; মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান; রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন এবং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সংগীতা আহমেদ।

‘অ্যাসোসিয়েশন গ্রুপ’-এর সদস্যরা হলেন—বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানি কারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান; বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল; বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) সভাপতি মো. আবদুল হোসেন; বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতি আবদুল মুক্তাদির; বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি আবদুল হাই সরকার; বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম; বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানি কারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ; রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজাল এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে এ সহায়ক কমিটি পরিচালনা পর্ষদের মতো কাজ করবে।

তিনি বলেন, “আমাদের প্রধান অগ্রাধিকার হবে সরকারের নির্দেশনা অনুযায়ী অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে এফবিসিসিআইয়ের নেতৃত্ব নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা।”