স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার

জনপ্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ ২০২৫-এর চেতনা ও আইনি কাঠামো অনুসরণ করেই সংবিধান সংস্কারের কাজ এগোবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকের আগে ও পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সমঝোতার ভিত্তিতে এমন সংশোধনী গ্রহণ করা হবে, যা জনপ্রত্যাশা পূরণ করবে। বাংলাদেশের এ নবযাত্রা এবং রাষ্ট্রকাঠামোর বিবর্তনমূলক কার্যক্রমে আমরা যে গণতান্ত্রিক সংস্কার করতে চাই, তার সবই সংবিধানে ধারণ করা হবে। এটা আমাদের প্রতিশ্রুতি ছিল এবং আছে।

তিনি বলেন, বিরোধী দলের সঙ্গে আলোচনার জন্য দিন-তারিখ নির্ধারণ করা হবে। তবে তাদের পক্ষ থেকে কমিটিতে অন্তর্ভুক্তির জন্য পাঁচটি নাম এখনো পাওয়া যায়নি। আশা করি, তারা বিষয়টি অনুধাবন করবেন এবং দ্রুত নাম দেবেন।

তিনি আরও বলেন, অন্যান্য বিরোধী দল বা সদস্যদের পরামর্শও আমরা গ্রহণ করব। তারা চাইলে বৈঠকে এসে কিংবা লিখিতভাবেও প্রস্তাব দিতে পারেন।