জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ইউনূস

জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এ জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হবে। এখান থেকেই নতুন বাংলাদেশের পথ শুরু হবে। পথ হারিয়ে গেলে আমরা এখান থেকেই শুরু করব।’

বুধবার (৫ আগস্ট) ঢাকার শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম।

সাবেক এই প্রধান উপদেষ্টা বলেন, এই জাদুঘর থেকেই নতুন যাত্রাপথ রচনা হবে। পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব আমরা। যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, তাহলে এখানেই তার ঠিকানা খুঁজে বের করব।

তিনি বলেন, আজকের অনুষ্ঠান বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে। পৃথিবীর বিভিন্ন দেশে অতীতের নানা নিদর্শন সংরক্ষণের জন্য জাদুঘর থাকলেও জুলাই স্মৃতি জাদুঘরের বৈশিষ্ট্য ভিন্ন। এটি শুধু অতীতের সংগ্রহশালা নয়। এখানে একেবারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর নিদর্শন তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এমন জাদুঘর বিশ্বের অন্য কোথাও আছে কি না, তা তার জানা নেই। তবে বাংলাদেশের জন্য এটি একটি অনন্য সুযোগ, কারণ ইতিহাস সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই তার দলিল, স্মারক ও নিদর্শন সংরক্ষণ করা সম্ভব হয়েছে।

এ সময় সবাইকে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান অধ্যাপক ইউনূস।